বুধবার, ৫ মে, ২০২১

আবার আসিনু ফিরে

গৃহনির্মাণ ও পরিবর্তনের কল্যানে আজ প্রায় বছরখানেক পর আবার কলম ধরতে পারলাম। শুরুতে ভেবেছিলাম যে বাড়ি বানানোর কাজকম্ম সব তার নিজের মত চলবে আর ফাঁকে-ফোঁকরে আমি দিব্যি আমার লেখালিখি, ব্লগিং সব চালিয়ে যেতে পারব। কিন্তু মশাই ফিল্ডে নামিবার পরই একমাত্তর অনুধাবন করিতে পারিলাম যে এ জ্বালা যে কি জ্বালা! খাতা-কলম ধরা তো দূর অস্ত, রাত্তিরে ঘুমের মধ্যেও ইট, বালি, সিমেন্টের স্বপ্ন দেখা শুরু হল। নির্মাণ সম্পর্কিত নানান ডিসিসান নেওয়া নিয়ে মিস্তিরি এবং ইস্তিরি’র সাথে মতামত ও মতান্তরের নানানরকম ফাইটিং এর কল্যাণে রাইটিং যে কখন ‘টুকি’ দিয়ে কোথায় উধাও হয়ে গেল, খুঁজেই পেলুম না। মাইরি বলচি মশাই, এসব কাজকম্ম শুরু করবার আগে দিব্যি খোদার খাশির মত একখানা চেহারা বানিয়েছিলুম, কিন্তু এখন এমন হয়েছি যে মনে হচ্ছে একটু চেষ্টা করলেই সিক্সপ্যাক টা হয়ে যেতে পারে; তা সিক্স না হোক, দু-একখানা প্যাক তো হবেই হবে!

সে যা’ই হোউক, সব্রকমের কাজকম্ম শেষ কর্বার পর এদ্দিন বাদে খাতাপত্তর খুলে দেখছিলাম কি সব লিখছিলাম সেই বছরখানেক আগে। দেখি ‘বঙ্গসাহিত্যে ভূতের রঙ্গ’ নাম দিয়ে বাঙালি ভূতেদের ওপর যে সিরিজখানি লেখা শুরু করেছিলুম সেটা শাঁকচুন্নি অবধিই লেখা হয়েছে। তো ‘দূগগা’ বলে আবার সেটাই শুরু করব ঠিক করেছি। তো আগামী পোস্টে যে ভূতখানিকে নিয়ে কাঁটাছেড়া করা হবে সে হল- কারিয়া পিরেত। ততক্ষণ অবধি অপেক্ষা।

আবার আসিনু ফিরে


৩টি মন্তব্য: