বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

হাসি-ক্লাসি-ফিকে-শান্‌ ৩


হাসির প্রকারভেদের ওপর লিখতে লিখতে ক’লাইন ছড়াও মনের ভেতর বুদ্‌বুদ্‌ কাটছিল তো ভাব্লুম, ‘এতই যখন লিখিনু, এটুকুই আর বাদ রাখি কেন?’ তা পাঠককুলের কেমন লাগল তা কিন্তু জানাতে ভুলবেন না। আর এই হাসি নিয়ে লেখার আগের দুটো ভাগ যদি আপনার এখনও পড়া না হয়ে থাকে তবে নীচে দেওয়া লিংক এ কুটুস্‌ করে একখানা চাপ দিয়ে পড়ে নিতে ভুলবেন না যেন।


হাসি কাল্‌চার


হাসির ইচ্ছে ভুবন ভরা
হাস্যে জগত মাতোয়ারা
সব ভোলানো এক হাসিতে
তোমার হবে জগত সারা।
এই হাসিরই নানা প্রকার
নানা রূপ আর নানান আকার
সেই হাসিরই প্রকারভেদে
বসি চল এখন মোরা।।


ভদ্র যেথা সাজতে হবে
হাসতে হবে মুচ্‌কি হাসি।
মিটিং, ইটিং, ব্যাকহ্যান্ড ফিটিং-
চাই মুচ্‌কি রাশি-রাশি।
মৃদুলভাবে ঠোঁটকে চেপে
দাঁতগুলোকে বের না করে
হাসবে তুমি নম্রভাবে
সব জায়গায় মুচ্‌কি হাসি।।


ছোট্ট ছেলে, দুষ্টু ছানা
করবে যখন টালবাহানা
যখন কোনও মিষ্টি মেয়ে
হাসবে যেন হাসনাহেনা
এসব কথা দেখবে যেথা
হচ্ছে সেথাই মিষ্টি হাসি
দেখবে যখন মনটা তোমার
প্রাণকে কবে নাচ্‌তে আসি।।


দুষ্টু হাসি, মিষ্টি হাসি
দুইয়ের নিবাস পাশাপাশি
ভেতর মনের দুষ্টুমিটা
প্রকাশ হবে উইথ্‌ এ হাসি।
দুষ্টু হাসা বড়ই কঠিন
নিজের থেকে ইচ্ছে করে
চেষ্টা করে দেখতে পারো
মুখের সামনে আয়না ধরে।।


হাসতে গেলে কাষ্ঠহাসি
লাগবে বেপদ রাশি-রাশি
বুকের ভেতর ধুক্‌পুকুনি
আর যে চাই গলায় শুকুনি।
এমন অবস্থাতে পড়ে
হাসতে কি আর ইচ্ছে করে?
জোর করে তবুও হাসি
যদি সেটাই কাষ্ঠহাসি।।


অবস্থাটি কষ্টে ভরা
যায়না যে আর সহ্য করা
কষ্ট-ক্লিষ্টারক্ত চোখে
সজল নয়ন শ্লেষে ভরা
কন্ডিশানটি এমন যখন
হার্টফেল হয় এই বুঝি ভয়
ঠোঁট চিরে যে হাসি বের হয়
বলে তাকেই কষ্টহাসি।।


দত্যি-দানো যেমনি হাসে
মা দুগ্‌গার অসুর হাসে
হা-হা-হা-হা আওয়াজ করে
অট্টহাসো পরাণ ভরে।
হাসির আওয়াজ ভাসবে হাওয়ায়
অট্টহেসে মন ভরে যায়
ফেক একদম নয় এ হাসি
আছে আনন্দ রাশি-রাশি।।


হাসতে গেলে দেঁতো হাসি
দাঁত দেখাতে হবেই হবে
পানটি খেলে সাথে হাসির
হাসি আরও জমে যাবে।
হেঁ-হেঁ-হেঁ-হেঁ হাসতে হবে
সাথে দন্ত প্রদর্শন
লোক পটানো ক্যাবলা হাসির
এ এক আস্ত নিদর্শন।।


বোসগিন্নি শাড়ি পেল
দত্তবাড়ি ফিরিজ্‌ এল
চৌধুরিদের ছোটবউ এর
গলার হার যে চমক খেল-
এমন কাণ্ড তৈরী করে
বুকের ভেতর প্রচুর জ্বালা
ভ্রু তুলে ঠোঁট বেঁকিয়ে তাই
ঈর্ষাহাসি হাসার পালা।।


এরই সাথে শেষ হল আজ
হাসির ক্লাসিফিকেশান
জানলে তুমি, তবে আমার
আছে একটা কন্ডিশান-
এ সবরকম হাসি তুমি
হাসবেই বলো জীবনে
কোনও রকম দুঃখ পুষে
রাখবে নাকো মনে।।

হাসি ক্লাসিফিকেশান্




1 টি মন্তব্য: